ads

‘প্রজেক্ট ফ্রিডম’ বনাম ইরানের হুঁশিয়ারি: হরমুজ প্রণালিতে বাড়ছে যুদ্ধের নতুন উত্তেজনা

 


হরমুজ প্রণালিতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে মুক্ত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি বিশেষ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই উদ্যোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে।

ট্রাম্পের এই ঘোষণার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান এব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন।

তিনি বলেন, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।

আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে সম্পন্ন হয়।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার পর ইরান হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে। এতে শতাধিক বাণিজ্যিক জাহাজ প্রণালি ও আশপাশের জলসীমায় আটকে পড়ে।

রোববার (৩ মে) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে জানান, হরমুজ প্রণালিতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে মার্কিন নৌবাহিনী সহায়তা করবে। তিনি এই উদ্যোগের নাম দেন ‘প্রজেক্ট ফ্রিডম’।

ট্রাম্প বলেন, অনেক দেশের বাণিজ্যিক জাহাজ এখন হরমুজ প্রণালিতে আটকে আছে। এসব দেশ সংঘাতে সরাসরি জড়িত নয় এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে, যাতে নৌবাহিনী জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে পারে।

তিনি আরও জানান, সোমবার থেকে (বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার রাত) ‘প্রজেক্ট ফ্রিডম’ কার্যক্রম শুরু হবে।

ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরানের পক্ষ থেকে পাল্টা সতর্কবার্তা দেওয়া হয়, যা হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ